সন্ত্রাসী ও বোমাবাজদের প্রত্যাখ্যান করে উন্নয়নের পক্ষে রায় দিন : মোমেন

প্রকাশিত December 17, 2018
সন্ত্রাসী ও বোমাবাজদের প্রত্যাখ্যান করে উন্নয়নের পক্ষে রায় দিন : মোমেন

সিলেট-১ আসনে মহাজোট প্রার্থী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, আওয়ামী লীগ সরকার ব্যবসা ও উন্নয়নবান্ধব। ব্যবসা-বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সরকার বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়েছে। ফলে মানুষের মাথাপিছু আয়, উৎপাদন ও প্রবৃদ্ধি বেড়েছে।
অন্যদিকে, দেশে রাজনীতির নামে বিএনপি-জামায়াত ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ও পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করেছে উল্লেখ করে তিনি সন্ত্রাস-বোমাবাজদের প্রত্যাখ্যান করে ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে উন্নয়নের পক্ষে রায় দেয়ার আহ্বান জানান।
সোমবার সিলেট মহানগরীতে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় সভায় তিনি বক্তব্য রাখছিলেন।
ড এ কে আব্দুল মোমেন আনজুমানে আল ইসলাহ মহানগর ও সদর উপজেলা শাখার নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এছাড়া দুপুরে সোবহানীঘাট ট্রেড সেন্টার এবং বিকেলে সোনারপাড়া ও রায়নগর এলাকায় গণসংযোগ করেন।