হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার ফাঁড়ির পুলিশ অবৈধভাবে বিদেশে পাচারের সময় দুই পাচারকারী সহ ১৪ জনকে আটক করেছে।
রবিবার রাতে নবীগঞ্জ থানায় সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী সাংবাদিকদের জানান, আগেরদিন বিকেলে সিলেটের কদমতলী থেকে রুমা পরিবহণ নামক বাসে সুনামগঞ্জ, সিলেট ও ভোলার ১০ পুরুষ ২ মহিলাকে নিয়ে দুই মানব পাচারকারী সিলেট থেকে দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। খবর পেয়ে গোপলার বাজার ফাঁড়ির একদল পুলিশ এসআই কাওছার মাহমুদ তোরণের নেতৃত্বে রুস্তমপুর টোলপ্লাজায় অবস্থান নেয়। এরপর রাত ৮টার দিকে রুমার পরিবহণ নাগালের মধ্যে পৌঁছলে তাতে তল্লাশি চালিয়ে এই ১৪ জনকে আটক করা হয়।
পাচারকারী দলের সদস্যরা হলো, সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে কাশেম ও হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কানাইনজুরা গ্রামের সাদত মিয়ার ছেলে শাহীন মিয়া। আটককৃতদের আদালতে হাজির করা হলে বিচারক বিদেশ যাত্রীদের স্বীকারোক্তি নিয়ে মুক্তি দেন এবং মানব পাচারে জড়িত দুই জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।