নিজস্ব প্রতিবেদক : সিলেটে সরকারি ও বেসরকারি উদ্যোগে বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।
গৌরবোজ্জ্বল এ দিনটি উপলক্ষে রবিবার সূর্যোদয়ের সাথে সাথে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় কেন্দ্রীয় শহিদমিনার বস্তবায়ন পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয়, জেলা ও পুলিশ প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে।
এ সময় উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী, পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল ও সাবেক মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা।
পরে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, নর্থইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ড আতফুল হাই, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিুকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট-১ আসনে মহাজোট প্রার্থী ড এ কে আব্দুল মোমেন ও সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
সুনামগঞ্জ প্রতিনিধি : বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।
রবিবার রাত ১২টা ১ মিনিটে এবং সূর্যোদয়ের সাথে সাথে দুই পর্বে কেন্দ্রীয় শহিদমিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়া সকালে ছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও কবুতর উড়ানো এবং কুচকাওয়াজ সহ বর্ণাঢ্য আয়োজন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আব্দুল আহাদ ও পুলিশ সুপার বরকতুল্লাহ খান সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতবৃন্দ। সর্বস্তরের মানুষ অনুষ্ঠান উপভোগ করেন।
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে।
রবিবার ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এরপর ‘দুর্জয় হবিগঞ্জ’ স্মৃতিস্তম্ভে বীর শহীদদের স্মৃতির প্রতি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়া জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও নিমতলায় জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে।