ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেটে প্রথমবারের মতো কে স্পোর্টস স্কুল ফুটবল লীগ শুরু হচ্ছে। এতে অংশ নিচ্ছে ২০টি মাধ্যমিক বিদ্যালয়। জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম শুক্রবার দুপুর ২টায় এর উদ্বোধন করবেন।
স্কুল ফুটবল লীগকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে ডিএসএ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন আহ্বান করা হয়।
এতে বক্তব্য রাখেন, ডিএসএ সাধারণ সম্পাদক ও ডিএফএ সভাপতি মাহিউদ্দিন সেলিম। এছাড়াও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মি ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য বিজিত চৌধুরী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মাহিউদ্দিন সেলিম জানান, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবল খেলোয়াড় তৈরির ক্ষেত্রে স্কুল ফটুবল লীগ একটি গুরুত্বপূর্ণ প্লাটফরম। প্রতিটি জেলায় এ ধরনের আয়োজন হলে প্রচুর খেলোয়াড় বের হয়ে আসবে।
ফুটবলে সিলেটের গৌরবোজ্জ্বল অতীতের উল্লেখ করে তিনি সেই সোনালী অতীতকে ফিরিয়ে আনতে নিরলস কাজ করছেন বলেও জানান।