হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে যুবক সত্যজিৎ দাশ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ডাদেশ হয়েছে।
বুধবার সকালে জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন এ রায় ঘোষণা করেন। এতে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তার সম্পত্তি বিক্রি করে তা আদায়ের নির্দেশ দেয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অরবিন্দ দাশ নবীগঞ্জ উপজেলার চৌকি গ্রামের মনিন্দ্র দাশের ছেলে।
২০০৯ সালের ১১ ফেব্রুয়ারি রাত ১০টায় উপজেলার চণ্ডিপুর গ্রামের সত্যজিৎ দাশ গ্রামের মাঠে কীর্ত্তন শুনতে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। ১৫ ফেব্রুয়ারি বিকেলে গ্রামের শ্মশানঘাট সংলগ্ন ডোবা থেকে হাত বাঁধা অবস্থায় তার গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বোন অনিকা রাণী দাশ বাদি হয়ে ১৬ ফেব্রুয়ারি অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১৩ জুন ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ১৮ জন সাক্ষির স্বাক্ষ্যগ্রহণ শেষে বিচারক রায় ঘোষণা করেন। এতে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়।