বাহুবল উপজেলার হাওর থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার : শ্বশুর শাশুড়ি আটক

প্রকাশিত September 29, 2018
বাহুবল উপজেলার হাওর থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার : শ্বশুর শাশুড়ি আটক

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার রউয়াইল হাওর থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার মৃত আকল মিয়ার ছেলে কাউছার মিয়ার। তিনি শহরের শায়েস্তানগর মাছ বাজারের শ্রমিক ছিলেন।
পুলিশ জানায়, ৪ বছর আগে কাউছার মিয়া সদর উপজেলার টঙ্গিরঘাট গ্রামের মকসুদ আলীর মেয়ে সুখবানুকে ভালবেসে বিয়ে করেন। সম্প্রতি সুখবানু বাবার বাড়িতে যান। সোমবার রাতে শ্বশুর বাড়িতে বেড়াতে যান কাউছার মিয়াও। পরদিন সকালে ঘুম থেকে উঠে সুখবানু স্বামীকে ঘরে না পেয়ে তার খোঁজখবর নিতে গেলে তার বাবা মকসুদ আলী তাকে জানান, কাউছার মিয়া রাতে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিজেদের বাঁচাতে তারা তার মরদেহ গুম করে ফেলেছে। সেইসাথে ঘটনাটি প্রকাশ না করতে তিনি মেয়েকে নিষেধ করেন; কিন্তু সুখবানু ঘটনার ৪ দিন পর স্থানীয় পৌর কাউন্সিলরের নিকট তা ফাঁস করে দেন। পৌর কাউন্সিলর বিষয়টি থানায় জানালে পুলিশ কাউছার মিয়ার শ্বশুর মকসুদ আলী ও শাশুড়ি খয়রুনেচ্ছা বেগমকে আটক করে জিজ্ঞাসবাদ চালায়। পরে তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী মরদেহ উদ্ধার করে।