সুনামগঞ্জে ইয়াকুব হত্যা মামলায় একজনের ফাঁসি একজনের যাবজ্জীবন

প্রকাশিত September 26, 2018
সুনামগঞ্জে ইয়াকুব হত্যা মামলায় একজনের ফাঁসি একজনের যাবজ্জীবন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ শহরতলির মাইজবাড়ি গ্রামে ইয়াকুব আলী হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ হয়েছে। একজনের হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। আরেকজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
ফাঁসির আদেশপ্রাপ্ত আসামি হলো, ধর্মপাশা উপজেলার তেলিপাড়া গ্রামের পাখি মিয়ার ছেলে বাদল মিয়া। যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সুনামগঞ্জ পৌরসভার নতুন হাছননগর এলাকার আব্দুল মন্নানের ছেলে শফিক মিয়ার। তবে ধর্মপাশা উপজেলার তেলিপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনি বেকসুর খালাস পেয়েছেন।
২০১৬ সালের ১০ জানুয়ারি সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি গ্রামে ওয়াজ মাহফিল এলাকায় তরুণীকে নিয়ে ঘুরাফেরার প্রতিবাদ করায় বাদল মিয়া ও তার সহযোগীরা ইয়াকুব আলীকে হত্যা করে। এ ব্যাপারে তার ভাই হযরত আলী বাদি হয়ে তিন জনের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।