বাহুবলে অবসরপ্রাপ্ত সার্জেন্ট হত্যা মামলার স্বাক্ষী ও বাদি পক্ষকে আসামিদের হুমকি

প্রকাশিত September 6, 2018
বাহুবলে অবসরপ্রাপ্ত সার্জেন্ট হত্যা মামলার স্বাক্ষী ও বাদি পক্ষকে আসামিদের হুমকি

এস এম সুরুজ আলী, হবিগঞ্জ : হবিগঞ্জের বাহুবলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোজাম্মেল হক হত্যা মামলার আসামিরা হুমকি দিচ্ছে স্বাক্ষী ও বাদি পক্ষকে। এ অভিযোগ করে নিরাপত্তাহীনতার কথা জানিয়েছের তারা। এ অবস্থায় ন্যায় বিচার নিশ্চিত হওয়া নিয়ে তাদের মনে দেখা দিয়েছে সন্দেহ। আইনশৃঙ্খলা বাহিনীও তাদেরকে কোন সহযোগিতা দিচ্ছেনা।
২০১১ সালের উপজেলার সাতকাপন ইউনিয়নের মহিষদুলং গ্রামে মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতি হয়। এ ব্যাপারে এলাকার মারাজ মিয়া সহ কয়েকজনকে আসামি করে তিনি মামলা দায়ের করেন থানায়। এ অভিযোগে গ্রেফতার হয়ে কিছুদিন কারাভোগ করে বেরিয়ে এলে মারাজ মিয়ার সাথে মোজাম্মেল হকের তুচ্ছ বিষয় নিয়ে দাঙ্গা-হাঙ্গামা চলতেই থাকে। এমনকি মোজাম্মেল হকের জমির ফসল লুটের মতো ঘটনাও ঘটে। এ নিয়ে একাধিক সালিশ বৈঠক হয়; কিন্তু ফল হয়নি।
২০১৬ সালের ৪ নভেম্বর মোজাম্মেল হক খুন হন। এ ঘটনায় তার স্ত্রী রওশন আরা বাদি হয়ে বাহুবল মডেল থানায় মামলা করেন ১২ জনকে আসামি করে। এ মামলায় আসামিরা বিভিন্ন মেয়াদে কারাবাসের পর জামিনে মুক্তি লাভ করে।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল আহাদ ফারুক জানান, মামলাটি এখন সাক্ষ্য গ্রহণ পর্যায়ে; কিন্তু আসামিদের হুমকির কারণে সাক্ষীরা আদালতে যেতে ভয় পাচ্ছেন। ফলে বিভিন্ন তারিখে স্বক্ষ্যগ্রহণ করা সম্ভব হয়নি। এতে বিচারকাজে বিঘ্ন ঘটছে।
মোজাম্মেল হক পরিবারের সদস্যদেরকেও আসামিরা হুমকি দিচ্ছে বলে মামলার বাদি মোজাম্মেল হকের স্ত্রী রওশন আরা জানিয়েছেন।
আরো জানা গেছে, নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন মামলার বাদি পক্ষ; কিন্তু আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ থেকে কোন প্রতিকার না পেয়ে সংবাদ সম্মেলন করেছেন তারা। তবে এ ব্যাপারে পুলিশ কোন কথা বলতে রাজি হয়নি।