হবিগঞ্জে জলাবদ্ধতা থেকে মুক্তির দাবিতে ব্যবসায়ীদের সড়ক অবরোধ

প্রকাশিত August 17, 2018
হবিগঞ্জে জলাবদ্ধতা থেকে মুক্তির দাবিতে ব্যবসায়ীদের সড়ক অবরোধ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জলাবদ্ধতা থেকে মুক্তির দাবিতে দোকানপাট বন্ধ রেখে কর্মকারপট্টির ব্যবসায়ীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন।
এ সময় এলাকাবাসীও ব্যবসায়ীদের সাথে একাত্মতা ঘোষণা করে কর্মসূচিতে যোগদান করেন।
শুক্রবার বেলা ১টায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় ২ ঘণ্টা শহরের প্রধান সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে জলাবদ্ধতা নিরসনে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সফিউল আলম আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়।
কামারপট্টির ব্যবসায়ীরা জানান, এই এলাকায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি দোকানের ভিতরে ঢুকে পড়ে। ফলে অনেকদিন ধরে ব্যবসায়ী ও এলাকাবাসী বিশেষ করে শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে; কিন্তু জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও কোন ফল না পেয়ে তারা আন্দোলনের পথ বেছে নেন।