বাহুবলে সড়ক দুর্ঘটনায় শিশু সহ ২ জন নিহত আহত ৪ জন

প্রকাশিত August 17, 2018
বাহুবলে সড়ক দুর্ঘটনায় শিশু সহ ২ জন নিহত আহত ৪ জন

হবিগঞ্জ প্রতিনিধি : সিলেট-ঢাকা মহাসড়কে হবিগঞ্জের বাহুবলে দুর্ঘটনায় শিশু সহ ২ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে ছুটির পর উপজেলার দ্বিগম্বর কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী নিলিমা বেগম বাড়ির উদ্দেশ্য রওয়ানা হয়; কিন্তু মহাসড়কের পাশ দিয়ে যাবার সময় বেপরোয়া একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
এতে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে রাখে। ঘণ্টাখানেক পর বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
অপরদিকে, সকাল আনুমানিক ৮টায় উপজেলার মোহনা কমিউনিটি সেন্টারের পাশে ঢাকা থেকে সিলেটমুখী শ্যামলী পরিবহণের একটি বাস সিএনজি অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোযাত্রী নাসির উদ্দিন। এছাড়া আরো ৪ জন গুরুতর আহত হয়েছেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।