দক্ষিণ সুনামগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১ আহত ৪০

প্রকাশিত August 9, 2018
দক্ষিণ সুনামগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১ আহত ৪০

সুনামগঞ্জ প্রতিনিধি : সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডাবরে ঢাকা থেকে সুনামগঞ্জমুখী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও ৪০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত আবু বকর (৪০) দিরাই উপজেলার জগদল ইউনিয়নের জগদল গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ১০টায় ঢাকা থেকে ছেড়ে আসা লিমন ক্লাসিক পরিবহণের বাসটি ডাবর এলাকায় পৌঁছে বিপরীত দিক থেকে আসা অন্য একটি যাত্রীবাহী বাসকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।