হবিগঞ্জে মসজিদে ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ২০

প্রকাশিত July 14, 2018
হবিগঞ্জে মসজিদে ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামে সাহেববাড়ি মসজিদে ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বাদশা মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিহত ও ২০ জন আহত হয়েছেন।
বাদশা মিয়া এই গ্রামের সুন্দর আলী মিয়ার ছেলে। শুক্রবার সন্ধ্যায় এ সংঘর্ষ হয়। গুরুতর আহতদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সুলতনাশী সাহেববাড়ি মসজিদের ইমাম নিয়োগ নিয়ে বেশ কিছুদিন ধরে বাদশা মিয়া ও সামছুল হকের মাঝে বিরোধ চলছিল। এর জের ধরেই বাদশা মিয়া ও সামছুল হকের কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় কয়েকটি ঢিল বাদশা মিয়ার বুকে এসে পড়ে। সাথে সাথে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা মেহিদী হাসান তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক জানান, এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।