সিলেটে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পেতে শুরু করেছে : আরিফুল হক চৌধুরী

প্রকাশিত May 4, 2018
সিলেটে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পেতে শুরু করেছে : আরিফুল হক চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, পরিবার পরিকল্পনা অধিদফতর সহ সকলের সহযোগিতায় সিলেটে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পেতে শুরু করেছে। তবে এখনও মহানগরীর ঘনবসতি এলাকাগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। মাঠকর্মীরা গুরুত্ব দিয়ে এসব এলাকায় কাজ করলে এ পরিস্থিতির উন্নতি হবে।
বৃহস্পতিবার সকালে শাহজালাল উপশহরে সঞ্চয়িতা ট্রেনিং সেন্টারে আয়োজিত ১৫ দিনব্যাপী পরিবার পরিকল্পনা প্রকল্প সীমান্তিক মাঠকর্মীদের মৌলিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সীমান্তিকের চেয়ারপার্সন অধ্যাপক মাজেদ আহমদের সভাপতিত্বে ও উপনির্বাহী পরিচালক হুমায়ুন কবীরের পরিচালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আরো বলেন, জনসংখ্যা বৃদ্বি কমানোর ক্ষেত্রে মাঠ পর্যায়ে উদ্বুদ্ধকরণের ঘাটতি রয়েছে। এ ব্যাপারে মাঠকর্মীদের আরও নিষ্ঠাবান ও আন্তরিক হতে হবে।
কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সীমান্তিকের উপনির্বাহী পরিচালক পারভেজ আলম, পরিচালক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ এবং পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডা লুৎফুন্নেছা জেসমিন।
কর্মশালা চলবে ২০ মে পর্যন্ত। এতে ৪০ জন মাঠকর্মী অংশ নিয়েছেন।