বানিয়াচং নবীগঞ্জ সুনামগঞ্জ সদর ও জামালগঞ্জে বজ্রপাতে নিহত ৬ আহত ৬

প্রকাশিত May 2, 2018
বানিয়াচং নবীগঞ্জ সুনামগঞ্জ সদর ও জামালগঞ্জে বজ্রপাতে নিহত ৬ আহত ৬

হবিগঞ্জের বানিয়াচং ও নবীগঞ্জ এবং সুনামগঞ্জের সদর ও জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে ৬ কৃষক নিহত ও ৬ জন আহত হয়েছেন।
বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে বড়ইউড়ি গ্রামের শাহীন মিয়া ও তার ভাতিজা জাহেদ মিয়া গুণই হাওরে বজ্রপাতে গুরুতর আহত হন। তাদেরকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে শাহীন মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিসক। জাহেদ মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে বাসিয়াপাড়া গ্রামের করিম উল্লা মকার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান। এ সময় মকাগ্রামের আব্দুল হেকিম ও আছকির মিয়া আহত হন।
সুনামগঞ্জে বজ্রপাতের ঘটনা ঘটে দুপুর সাড়ে ১২টার দিকে। এতে সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আব্দুর রশিদ বাড়ির পাশে মাঠেই মারা যান।
অপরদিকে জামালগঞ্জ উপজেলার কলকতা গ্রামে বজ্রপাতে লিটন মিয়া নামের একজন গুরুতর আহত হন। সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টায় তিনি মৃত্যুবরণ করেন।
এছাড়া খোঁজারগাঁও গ্রামের কমলাকান্ত তালুকদার তার দুই ছেলে প্রিন্স তালুকদার ও সৈকত তালুকদারকে নিয়ে হাওরে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই পিতা মারা যান। আহত হন দুই ছেলে। আহত দু ভাইকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই সময় গ্রামের জ্ঞান রঞ্জন তালুকদারও বজ্রপাতে আহত হন।