হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে গৃহবধূ ও দুই সন্তানের জননী মিনু বেগমের মরদেহ উদ্ধার করা হয়েছে।
তার স্বজনদের অভিযোগ, তাকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে। অন্যদিকে স্বামীর পরিবারের দাবি, তিনি মৃগী রোগী ছিলেন। পানিতে ডুবে মারা গেছেন।
পুলিশ জানায়, ১০ বছর আগে সদর উপজেলার সুলতানসী গ্রামের মরম উল্লাহ মেয়ে মিনু বেগমের (২৮) বিয়ে হয় পার্শ্ববর্তী শরীফপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে আহমদ আলীর সাথে। ৩ বছর পূর্বে আগুনে জ্বলসে যায় মিনু বেগমের শরীর। এরপর আহমদ আলী আরেকটি বিয়ে করতে চায়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়।
মিনু বেগমের ভাই উজ্জ্বল মিয়া জানান, বৃহস্পতিবার বিকেলে বোনের মৃত্যুর খবর পেয়ে তারা তার শ্বশুরবাড়িতে গিয়ে দেখেন, মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। এতে সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। মধ্যরাতে সদর মডেল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।