নিজস্ব প্রতিবেদক : চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। পরে অবরোধ তৈরি করেন, চৌহাট্টা পয়েন্টে। এতে বিকেল ৫টা পর্যন্ত জিন্দাবাজার, আম্বরখানা, রিকাবীবাজার ও মিরবক্সটুলা থেকে চৌহাট্টা হয়ে সবধরনের যান চলাচল বন্ধ থাকে। ফলে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ প্রতিনিধি : কোটা সংস্কারের দাবিতে সুনামগঞ্জে বৈরী আবহাওয়া উপেক্ষা করে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
সকাল ১১টায় সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে শহরের হোসেন বখত চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে অবস্থন কর্মসূচি পালন করা হয়।
প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, ছাত্রনেতা দীপাল ভট্টাচার্য্য, ফয়সল আহমেদ, আসাদ মণি, আলীউজ্জামান, মলয় চন্দ্র কর, দুর্জয় দাস ও হাবিবুর রহমান হাবিব।
হবিগঞ্জ প্রতিনিধি : অন্যদিকে হবিগঞ্জে ছাত্রলীগ ও পুলিশের বাঁধায় কোটা বৈষম্য দূর করার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আহুত মানববন্ধন পণ্ড হয়ে গেছে।
সকাল ১১টায় হবিগঞ্জের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে টাউন হলের সামনে আহুত মানববন্ধন শান্তিপূর্ণভাবে শুরু হয়। এক পর্যায়ে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসে তাতে বাঁধা দিলে শিক্ষার্থীদের সাথে তাদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।