সালুটিকরে মসজিদের জায়গা নিয়ে সংঘর্ষে নিহত ২ আহত অর্ধশতাধিক

প্রকাশিত March 24, 2018
সালুটিকরে মসজিদের জায়গা নিয়ে সংঘর্ষে নিহত ২ আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকরে মসজিদের দখলে থাকা জায়গার মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ২ জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে।
শুক্রবার সালুটিকর বাজার জামে মসজিদের মোতাওয়াল্লি মিত্রিমহল গ্রামের আব্দুস সোবহানের সাথে বহর গ্রামের কয়েকজনের জায়গার মালিকানা নিয়ে কথা কাটাকাটির জের ধরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এই উত্তেজনা নিরসনে শনিবার সকালে গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী ও নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান মিত্রিমহল গ্রামে যান। গ্রামবাসীর সাথে দুই জনপ্রতিনিধির আলোচনা চলাকালে সকাল সাড়ে ৮টার দিকে বহর গ্রামবাসী সেখানে হামলা চালালে সংঘর্ষ বাঁধে।
এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মিত্রিমহল গ্রামের আব্দুল জলিলের ছেলে মনাই মিয়া (৩৫) ও আজিজুল ইসলামের ছেলে রুমেল আহমদ (২৮) মারা যান। আহত কয়েকজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।