সুনামগঞ্জ প্রতিনিধি : সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হালুয়ারগাঁও এলাকায় লেগুনার চাপায় প্রাণী সম্পদ বিভাগের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার শাল্লা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল মোতালেব (৪৫) ও জেলা প্রাণী সম্পদ কার্যালয়ে প্রাণী চিকিৎসক সেলিম আহমদ (৩৫)। আহত আমির হোসেন (৩০) একজন খামারি।
পুলিশ জানায়, সদর উপজেলার জানিগাঁও থেকে একটি মোটরসাইকেল যোগে তারা সুনামগঞ্জ আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি লেগুনা তাদেরকে চাপা দিলে একজন ঘটনাস্থলে এবং আরেকজন সদর হাসপাতালে নেয়ার পর মারা যান। দুর্ঘটনার পর সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল্লাহ জানান, লেগুনার বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।