নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তবে কোথাও কোথাও পুলিশ কর্মসূচি পালনে বাধা দিয়েছে বলে বিএনপি নেতারা অভিযোগ করেছেন।
সিলেটে জেলা ও মহানগর বিএনপি রেজিস্টারি মাঠে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন, বিএনপির জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। বক্তব্য রাখেন, চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হক, খন্দকার আব্দুল মোক্তাদির, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, নির্বাহী সদস্য সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সহ সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর সভাপতি নাসিম হোসেইন ও জেলা সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। পরিচালনায় ছিলেন, মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।