সিলেটে আবার বসছে মেয়র কাপ টি টোয়েন্টি ক্রিকেট আসর

প্রকাশিত February 19, 2018
সিলেটে আবার বসছে মেয়র কাপ টি টোয়েন্টি ক্রিকেট আসর

নিজস্ব প্রতিবেদক : সিলেটে আবার মেয়র কাপ টি টোয়েন্টি ক্রিকেটের আসর বসছে। এর উদ্বোধন হবে মার্চের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে। সোমবার দুপুরে নগর ভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি আব্দুল মুহিত জাবেদ। এছাড়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেয়র আরিফুল হক চৌধুরী ও কাউন্সিলর আজাদুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, যুব সমাজকে সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষায় ও নতুন নতুন খেলোয়াড় তৈরিতে মেয়র কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ইতিবাচক ভূমিকা রাখবে। এতে অংশ নেবে ২৭টি ওয়ার্ডের ২৭টি দল। ব্যয় ধরা হয়েছে আনুমানিক ৫০ লাখ টাকা। পৃষ্ঠপোষক পাওয়া না গেলে সিসিক নিজেই অর্থের যোগান দেবে।
সিসিকের এই উদ্যোগ দেশের অন্যান্য সিটি করপোরেশনের জন্যে উদাহরণ হবে বলে মেয়র আরিফুল হক চৌধুরী আশা প্রকাশ করেন।