নিজস্ব প্রতিবেদক : সিলেটে ছাত্রলীগ কর্মী শাহীন আহমদ ও আবুল কালাম আসিফের উপর হামলাকারী ছাত্র শিবির কর্মীদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার বিকেলে মহানগরীর চৌহাট্টায় মহানগর ছাত্রলীগের এক প্রতিবাদ সমাবেশ থেকে এই সময়সীমা বেঁধে দেয়া হয়।
একই সাথে হুশিয়ারি দেয়া হয়, হামলাকারীরা এই সময়ের মধ্যে গ্রেফতার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুম্মান ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার।
এর আগে একটি বিক্ষোভ মিছিল সুবিদবাজার থেকে বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় এসে শেষ হয়।
সোমবারের হামলার ব্যাপারে আহত আবুল কালাম আসিফের ভাই আবুল কালাম আফাজ বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামি দিয়ে সিলেট কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।