হবিগঞ্জে ১৬ মাসে সাড়ে ৭ হাজার মায়ের স্বাভাবিক প্রসব সেবা গ্রহণ

প্রকাশিত November 22, 2018
হবিগঞ্জে ১৬ মাসে সাড়ে ৭ হাজার মায়ের স্বাভাবিক প্রসব সেবা গ্রহণ

হবিগঞ্জ প্রতিনিধি : ২০১৭ সালের জুলাই মাস থেকে ২০১৮ সালের অক্টোবর মাস পর্যন্ত হবিগঞ্জের বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রায় সাড়ে ৭ হাজার মা স্বাভাবিক প্রসব সেবা গ্রহণ করেছেন।
এই সংখ্যা দেশের অন্যান্য জেলার তুলনায় অনেক বেশি বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি করেছে।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিংয়ে এই তথ্য প্রকাশ করা হয়।
আরো জানানো হয়, জেলায় ৭২টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মধ্যে ৪০টিতে ২৪ ঘণ্টা সেবা প্রদান করা হয়। এতে কমছে মা ও শিশু মৃত্যুর হার। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরতরা অনেক বেশি সক্রিয় বলেও উল্লেখ করা হয়।
প্রেস ব্রিফিংয়ে পরিবার পরিকল্পনা অধিদফতর হবিগঞ্জের উপ পরিচালক ডা নাসিমা খানম ইভা জানান, দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি সেবা নিশ্চিতের লক্ষ্যেই ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ পালন করা হয়।
জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সফিউল আলম, হবিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি ঈসমাইল হোসেন, সাবেক সভাপতি ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, বিটিভি প্রতিনিধি আলমগীর খান এবং অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামানও বক্তৃতা করেন। মাল্টিমিডিয়া উপস্থাপন করেন, পরিবার পরিকল্পনা অধিদফতরের সহকারী পরিচালক মীর সাজেদুর রহমান।