হবিগঞ্জে স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার : চাকায় হাওয়া দিতে গিয়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত July 27, 2018
হবিগঞ্জে স্কুলছাত্রীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার : চাকায় হাওয়া দিতে গিয়ে শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নিখোঁজের একদিন পর পুলিশ স্কুলছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, উপজেলার বিরামচর গ্রামের বাসিন্দা চটপটি ব্যবসায়ী আব্দুস শহিদের ৬ বছর বয়সী মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ইতি আক্তার বুধবার সকালে মক্তবে আরবি পড়তে গিয়ে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি। বিকেলে ফায়ার সার্ভিসের একটি দল মসজিদের পুকুরে তল্লাশি চালায়। এতেও না পেয়ে রাতে তার বাবা শায়েস্তাগঞ্জ থানায় একটি জিডি করেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এলাকার লোকজন মসজিদের দেয়ালের নিচে একটি বস্তা থেকে গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ বস্তা থেকে ইতি আক্তারের মরদেহ উদ্ধার করে দুপুরে ময়না তদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালে মর্গে প্রেরণ করে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিছুজ্জামান জানান, মরদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে বিরামচর সাহেব বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মতিন ও মোয়াজ্জিন শামীম আহমেদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে গাড়ির চাকায় হাওয়া দিতে গিয়ে এক শ্রমিক মারা গেছেন।
বাহুবল থানার ওসি মাসুক আলী জানান, বৃহস্পতিবার দুপুরে জালাল মিয়া নামের এই শ্রমিক একটি গাড়ির চাকা মেরামত শেষে তাতে হাওয়া দিচ্ছিলেন। এ সময় চাকার ভেতরের একটি লোহার অংশ ভালোভাবে না লাগানোর কারণে তার উপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
জালাল মিয়ার বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বালাগাঁও গ্রামে।