হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে প্রাতঃভ্রমণ করতে গিয়ে গাড়ি চাপায় এক ঠিকাদার নিহত হয়েছেন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন, সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন, পরিকল্পিতভাবে সাংসদকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল।
সাংসদের ঘনিষ্ঠজনরা জানান, সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো আশপাশের রাস্তায় হাঁটাহাঁটি করছিলেন। সকাল ৬টার দিকে তিনি সহ ৪/৫ হাঁটতে হাঁটতে বলাকা ডেকোরেটার্সের কাছে পৌঁছলে শায়েস্তগঞ্জ থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সাংসদের সাথে থাকা ঠিকাদার উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা মাসুদ আহমেদ (৬৫) গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে আশংকাজনক অবস্থায় মাসুদ আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে তিনি মারা যান।
এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংসদ আব্দুল মজিদ খানের জনপ্রিয়তায় ঈষান্বিত হয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা চালানো হয়েছে।
তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান জানান, পিকআপ ভ্যান চালককে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।