হবিগঞ্জে আমার এমপি ডট কমের চেয়ারম্যানকে গ্রেফতারের দাবি যুবলীগের

প্রকাশিত April 5, 2018
হবিগঞ্জে আমার এমপি ডট কমের চেয়ারম্যানকে গ্রেফতারের দাবি যুবলীগের

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা যুবলীগের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে আমার এমপি ডট কম চেয়ারম্যান সুশান্ত দাশ গুপ্তকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
বুধবার রাতে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী এ দাবি জানান।
তিনি অভিযোগ করেন, মঙ্গলবার বিকেলে বানিয়াচং উপজেলা যুবলীগের অনুষ্ঠান শেষে রাত ১০টার দিকে সংগঠনের জেলা সভাপতি আতাউর রহমান সেলিম সহ নেতাকর্মীরা গাড়ি বহর নিয়ে শহরে ফেরার পথে বানিয়াচং সড়কের সুনারু এলাকায় সুশান্ত দাশ গুপ্তের নেতৃত্বে তার গ্রামের লোকজন তাদের উপর হামলা চালায়। এতে যুবলীগ নেতা আক্তার মিয়া সহ ২০ নেতাকর্মী আহত হন। এ সময় ৪টি মোটর সাইকেলেও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে।
সংবাদ সম্মেলনে আমার এমপি ডট কমের নামে চাঁদাবাজি, চাকরির তদবীর ও মাদক ব্যবসা সহ নানা অপকর্ম চালানোর অভিযোগও করা হয়।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক বিপুল রায় ও পৌর যুবলীগ সভাপতি শফিকুজ্জামান হিরাজ।