নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী বদরুজ্জামান সেলিমকে ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে’ বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় সহ দফতর সম্পাদক মো তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
একই সংবাদ বিজ্ঞপ্তিতে একই ধরনের অভিযোগে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য মাসুদ রানা খানকেও প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কারের কথা উল্লেখ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে এখন থেকে দলীয় নেতাকর্মীদেরকে এ দুজনের সাথে কোন যোগাযোগ না রাখতে অনুরোধ জানানো হয়েছে।
বদরুজ্জামান সেলিম সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাগদলের সদস্য হিসেবে তার রাজনৈতিক জীবন শুরু হয়। স্বৈরাচার বিরোধী অান্দোলনে ছাত্রদল নেতা হিসেবে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজনীতি করতে গিয়ে তাকে কারাভোগও করতে হয়েছে।
বদরুজ্জামান সেলিম নাগরিক কমিটির প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।