সুনামগঞ্জ পৌর উপ নির্বাচন : মেয়র পদে বিজয়ের পথে নাদের বখত

প্রকাশিত March 29, 2018
সুনামগঞ্জ পৌর উপ নির্বাচন : মেয়র পদে বিজয়ের পথে নাদের বখত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ পৌরসভার উপ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী নাদের বখত বিজয়ের পথে রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ৮ হাজার ভোটে এগিয়ে আছেন তিনি। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত পূর্ণ ফলাফল বা তাকে নির্বাচিত ঘোষণা করা হয়নি। তার দুই প্রতিদ্বন্দ্বী ভোটগ্রহণ শেষ হবার আগে নির্বাচন থেকে সরে যাবার ঘোষণা দেন।
নাদের বখতের ভাই পৌর মেয়র আইয়ূব বখত জগলুলের অকাল প্রয়াণে পদটি শূন্য হলে বৃহস্পতিবার উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপ নির্বাচনে ২৩টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। মেয়র পদে প্রতিদ্বন্দিতা করেন, ৩ জন। অন্য দুজন ছিলেন. বিএনপি প্রার্থী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী গনিউল সালাদিন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ ও এপিবিএনের সমন্বয়ে গঠিত ৮টি মোবাইল টিম, ১টি স্ট্রাইকিং ফোর্স, ২ প্লাটুন বিজিবি ও ৩টি প্লাটুন র‌্যাব মোতায়েন করা হয়। তবে দুপুর ২টার দিকে উত্তর আরপিননগর কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে আহত হন এক নিরাপত্তা কর্মকর্তা ও পুলিশ কনস্টেবল সহ ১০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪০ রাউন্ড কাঁদানে গ্যাস ছুঁড়ে। সংঘর্ষের কারণে প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ স্থগিত থাকে।