সুনামগঞ্জে সুরমা নদীতে পানি আরো বেড়েছে : প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা

প্রকাশিত July 4, 2018
সুনামগঞ্জে সুরমা নদীতে পানি আরো বেড়েছে : প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে একসপ্তাহের টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি আরো বেড়েছে। প্লাবিত হয়েছে জেলার নতুন নতুন এলাকা। মানুষের দুর্ভোগও বেড়ে চলেছে।
বুধবার সকাল ১১টায় শহরের ষোলঘর পয়েন্ট সুরমার নদীর পানি বিপদসীমার ৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
জেলার বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দোয়ারাবজার, দিরাই ও শাল্লা উপজেলার নিম্নাঞ্চলের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়ক যোগাযোগ। অন্যান্য উপজেলার সড়ক যোগাযোগও হুমকির মুখে রয়েছে।