সুনামগঞ্জ প্রতিনিধি : পবিত্র রমজান মাসে নিরাপদ ইফতার বিষয়ক উদ্বুদ্ধকরণ সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জে বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট ও বেকারিতে ইফতারি তৈরি ও বিক্রি কার্যক্রমে তদারকি চালানো হয়েছে।
সোমবার দুপুরে নিরাপদ খাদ্য অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয় শহরের পুরাতন বাসস্ট্যান্ড, কালীবাড়ি পয়েন্ট, আলফাত স্কয়ার ও ডি এস রোড সহ বিভিন্ন জায়গায় ইফতারি নিয়ে বসা দোকানগুলোতে তদারকি চালায়। এ সময় বিক্রেতার মধ্যে ক্যাপ, হ্যান্ড গ্লাভস ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শরীফ উদ্দিন জানান, ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য আইন ২০১৩ ভালো করে জানতে হবে-বুঝতে হবে।
নিরাপদ খাদ্যের গুরুত্বের কথা তুলে ধরে তিনি ব্যবসায়ীদেরকে নিরাপদ খাদ্য তৈরিতে আরও সচেতন হওয়ার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ড্রাগ সুপার মো সিরাজ উদ্দিন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো শহিদুল্লাহ ও সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজমা জাহান।