নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান বৃহস্পতিবার সকালে মহানগরীর আম্বরখানা এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, বুধবার রাতে একজন কর্মীকে গ্রেফতারের প্রতিবাদের বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর অবস্থান ছিল একটি সাজানো নাটক। তার পোস্টার ছিঁড়ে অন্য মেয়র প্রার্থীর পোস্টার লাগানোর সময় উপস্থিত জনতা পোস্টার লাগানোর কাজে নিয়োজিত লোকটিকে আটকে পুলিশ সোপর্দ করেন।
আওয়ামী লীগ মেয়র প্রার্থী জানান, তার অনুরোধে লোকটিকে পুলিশ ছেড়ে দেয়।
বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী গণসংযোগ করেন, মহানগরীর জিন্দাবাজার এলাকায়। এক পর্যায়ের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বুধবার রাতে তার পোস্টার লাগানোর সময় একজন দিনমজুরকে আটকের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন।
এছাড়া নাগরিক ফোরামের মেয়র প্রার্থী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বাগবাড়ি এলাকায় গণসংযোগে বের হন। এসময় তিনি সাংবাদিকদের জানান, নির্বাচনী প্রচার কাজে এখন পর্যন্ত তিনি কোন বাধার সম্মুখীন হননি।