সিসিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে : অভিযোগ-পাল্টা অভিযোগ কামরান ও আরিফের
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সোমবার সকাল ৮টা থেকে মহানগরীর ২৭টি ওয়ার্ডের ১৩৪টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে এই সময়ের মধ্যে ভোটকেন্দ্রের নির্ধারিত এলাকায় উপস্থিত ভোটারদের ভোট, সময় যতই লাগুক নেয়া হবে।
এবার আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র এবং আম্বরখানা সরকারি কলোনি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে।
কঠোর নিরাপত্তায় অনুষ্ঠিত হচ্ছে সিসিক নির্বাচন। এজন্যে মাঠে রয়েছে, আনসার, পুলিশ, র্যাব ও বিজিবি। পাশাপশি আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচারিক ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া গোয়েন্দা নজরজারিতো রয়েছেই।
সিসিক মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন। তারা হলেন, আওয়ামী লীগের বদর উদ্দিন আহমদ কামরান, বিএনপির আরিফুল হক চৌধুরী, নাগরিক ফোরামের পরিচয়ে মহানগর জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিপিবি-বাসদের আবু জাফর, ইসলামী আন্দোলনের ডা মোয়াজ্জেম হোসেন খান ও স্বতন্ত্র এহছানুল হক তাহের।
এছাড়া সাধারণ কাউন্সিলর পদে একজন নারী সহ ১২৬ জন ও সংরক্ষিত আসনে ৬৩ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে মূল দুই প্রতিদ্বন্দ্বী বদর উদ্দিন আহমদ কামরান সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও আরিফুল হক চৌধুরী রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
ভোট দেয়া শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আরিফুল হক চৌধুরী নির্বাচনে অনিয়মের অভিযোগ করেন। অন্যদিকে বদর উদ্দিন আহমদ কামরান জানান, সুন্দর পরিবেশে নাগরিকরা ভোটাধিকার প্রয়োগ করছেন। অভিযোগ করা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে।