সিসিকের এক নারী কাউন্সিলর লাঞ্ছিত করলেন প্রধান প্রকৌশলীকে

প্রকাশিত December 19, 2017
সিসিকের এক নারী কাউন্সিলর লাঞ্ছিত করলেন প্রধান প্রকৌশলীকে

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত ১৯, ২০ ও ২১নং ওয়ার্ডের কাউন্সিলর শামীমা স্বাধীনের হাতে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান লাঞ্ছিত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এর জের ধরে নগর ভবনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি উন্নয়ন কাজ শুরুর জন্য নূর আজিজুর রহমানকে চাপ দেন শামীমা স্বাধীন; কিন্তু মেয়রের লিখিত অনুমতি ছাড়া তা সম্ভব নয় বলে প্রধান প্রকৌশলী জানালে কাউন্সিলর ক্ষিপ্ত হয়ে উঠে এ লাঞ্ছনার ঘটনা ঘটান।
এ ঘটনায় সিসিকের বিক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মচারীরা শামীমা স্বাধীনকে একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে অন্য কাউন্সিলরদের সাথে বৈঠক শেষে মেয়র আরিফুল হক চৌধুরী অসদাচরণের জন্য শামীমা স্বাধীনকে বরখাস্তের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্তের কথা জানালে পরিস্থিতি শান্ত হয়। প্রায় আড়াই ঘণ্টা পর শামীমা স্বাধীন মুক্ত হয়ে বাসায় ফিরেন।