সিলেট হবে দেশের প্রথম ডিজিটাল নগরী : মোস্তফা জব্বার

প্রকাশিত April 28, 2018
সিলেট হবে দেশের প্রথম ডিজিটাল নগরী : মোস্তফা জব্বার

নিজস্ব প্রতিবেদক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, দেশের প্রথম ডিজিটাল নগরী হবে সিলেট। এ লক্ষ্যে সরকার সিলেটে হাইটেক পার্ক স্থাপন সহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে।
শনিবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের প্রস্তাবিত আইসিটি ডিজিটাল ভবনের জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
মোস্তফা জব্বার আরো বলেন, সিলেট মহানগরীর পুরো তথ্যপ্রযুক্তি ব্যবস্থাকে একই ছাদের নিচে নিয়ে আসারও চেষ্টা করা হচ্ছে। এজন্য একটি আইসিটি ডিজিটাল ভবন তৈরি করা হবে। সিলেট সিটি করপোরেশনের সাথে আলোচনার মাধ্যমে ভূমি নির্দিষ্ট করে শিগগিরই এর নির্মাণ কাজ শুরু করা হবে।
প্রস্তাবিত আইসিটি ডিজিটাল ভবন স্থাপনের জন্য নগর ভবনের পাশে হকার্স মার্কেটে ও ধোপাদিঘির পাড়ে দুটি জায়গা তিনি পরিদর্শন করেন।
এসময় তার সাথে ছিলেন, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা এ জেড নূরুল হক, সচিব বদরুল হক ও প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান।