সিলেট সদর উপজেলায় শিক্ষকদের নিয়ে উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত August 30, 2026
সিলেট সদর উপজেলায় শিক্ষকদের নিয়ে উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ

সিলেট সদর উপজেলায় উপজেলা পরিষদের পরিচালন বাজেটের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষকদের নিয়ে উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ আগস্ট/১৫ শ্রাবণ) আয়োজিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ। বিশেষ অতিথি ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি অভিজিৎ কুমার পাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলা কৃষি অফিসার মো শওকত জামিল।
প্রশিক্ষণে উত্তম কৃষি চর্চা অনুসরণের মাধ্যমে নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও লাভজনক ফসল উৎপাদনের বিভিন্ন আধুনিক কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবহিত করা হয়। একই সঙ্গে কৃষি উৎপাদনে নিরাপদ উপকরণের ব্যবহার, পরিবেশসম্মত চাষাবাদ, ফসলের গুণগত মান নিশ্চিতকরণ ও উৎপাদন-পরবর্তী ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
প্রশিক্ষণে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে পুষ্টিবাগান বা ‘শিখন প্লট’ স্থাপনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলা হয়। এসব শিখন প্লটের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপদ ও পুষ্টিকর সবজি উৎপাদনে আগ্রহী করে তোলার পাশাপাশি কৃষির ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি হবে।
বিশেষ করে একটি মেধাবী ও সুস্থ প্রজন্ম গঠনে পরিমিত ও পুষ্টিকর খাদ্য গ্রহণের পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদনের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীরা হাতে-কলমে জ্ঞান লাভ করতে পারবে বলে প্রশিক্ষণে অভিমত ব্যক্ত করা হয়।
সিলেট সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিখন প্লট স্থাপনের ক্ষেত্রে উপজেলা কৃষি অফিস প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করবে। পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন এ কার্যক্রম বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রশিক্ষণে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি ও পরিবেশবান্ধব কৃষি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে কৃষির প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হবে। এর মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন ও গ্রহণের পাশাপাশি টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে। সংবাদ বিজ্ঞপ্তি