সিলেটে হিজড়ারা ত্রাণসামগ্রী পাচ্ছেন বিশেষ তালিকাভুক্ত হয়ে

প্রকাশিত July 5, 2022
সিলেটে হিজড়ারা ত্রাণসামগ্রী পাচ্ছেন বিশেষ তালিকাভুক্ত হয়ে

নিজস্ব প্রতিবেদক : সিলেটে বন্যায় সর্বস্বান্ত ও কর্মহীন হয়ে পড়া তৃতীয় লিঙ্গের মানুষ অর্থাৎ হিজড়ারা এখন বিশেষ তালিকাভুক্ত হয়ে ত্রাণসামগ্রী পাচ্ছেন।
এতদিন এই অসহায় মানুষেরা বিক্ষিপ্তভাবে ত্রাণ সহায়তা পেলেও তা যেমনি পর্যাপ্ত ছিলনা তেমনি বেশিরভাগই বঞ্চিত ছিলেন। এ নিয়ে পত্র-পত্রিকায় লেখালেখি শুরু হলে প্রথমেই এগিয়ে আসেন সিলেট মহানগরীর বাগবাড়ি এলাকার সমাজকর্মী চৌধুরী জান্নাত রাখি। ব্যক্তিগত উদ্যোগে সোমবার তিনি বন্যাকবলিত অর্ধশত তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ করেন।
সিলেটের তৃতীয় লিঙ্গের মানুষের পাশে দাঁড়িয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহমিনা ইসলাম। তিনি তার ব্যক্তিগত উদ্যোগে কিছু আর্থিক অনুদান দিয়েছেন।
সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান আগেই জানিয়েছিলেন, ত্রাণসামগ্রীর নতুন বরাদ্দ এলেই তৃতীয় লিঙ্গের মানুষদের দেবেন। আসার সঙ্গে সঙ্গে দিতেও শুরু করেছেন।
জেলা প্রশাসক মঙ্গলবার ২৮৮ জন হিজড়ার মাঝে ৬ কেজি করে চাল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো আনোয়ার সাদাত, কদমতলী পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক, বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির ম্যানেজার, হিজড়া যুব কল্যাণ সংস্থার সভাপতি মিস সুক্তা ও ইউএনডিইএফ প্রকল্পের লিয়াঁজো এসোসিয়েট সহ আরো অনেকেই।
ত্রাণ সহায়তা পেয়ে তারা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তৃতীয় লিঙ্গের মানুষরা।
বন্ধু ওয়েলফেয়ার সোসাইটির ম্যানেজার, হিজড়া যুব কল্যাণ সংস্থার সভাপতি সুক্তা হিজড়া বলেন, তারা সমাজে অবহেলিত জনগোষ্ঠী; কিন্তু এখন আর নিজেদেরকে অবহেলিত মনে হয়না। কারণ এই দুঃসময়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছে সরকার ও দানশীল মানুষেরা। তারা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে।