সিলেটে ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ হয়ে যাচ্ছে : রাষ্ট্রদূত হর্ষ বর্ধণ শ্রিংলা

প্রকাশিত September 14, 2018
সিলেটে ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ হয়ে যাচ্ছে : রাষ্ট্রদূত হর্ষ বর্ধণ শ্রিংলা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধণ শ্রিংলা বলেছেন, সিলেটে ভারতীয় উপ রাষ্ট্রদূত কার্যালয় স্থাপন করা হয়েছে। খুব শিগগির যোগদান করবেন উপ রাষ্ট্রদূত। ফলে সিলেটে ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ হয়ে যাচ্ছে।
শুক্রবার সকালে সিলেট মহানগরীর যুগলটিলায় ইসকনের ৫ তলা অভয়াচরণ ভয়েস ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ভারতের রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধু ও ইন্দিরা গান্ধী বাংলাদেশ ও ভারতের মধ্যে অকৃত্রিম বন্ধুত্বের যে বীজ বপন করেছিলেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি সেই সম্পর্ককে অনেক উচ্চতায় নিয়ে গেছেন।
হর্ষ বর্ধণ শ্রিংলা বলেন, বাংলাদেশ ও ভারত শান্তি ও সংহতিতে একসাথে কাজ করবে।
তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও উগ্রপন্থী দমনে সাফল্যের প্রশংসা করেন।
ভারত যেমনি সুসময়ে তেমনি দুঃসময়েও বাংলাদেশের পাশে থাকবে বলেও বন্ধু দেশের রাষ্ট্রদূত উল্লেখ করেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মিলে ভারতীয় সেনারা যুদ্ধ করেছেন-জীবন দিয়েছেন। এটা ভারতবাসীর জন্যে গর্বের বিষয় হয়ে আছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ। সভাপতিত্ব করেন, ইসকন সভাপতি সত্যরঞ্জন বাড়ৈ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। স্বাগত বক্তব্য রাখেন, ইসকন সিলেটের অধ্যক্ষ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী।