সিলেটে জেলা প্রশাসনের বাজার তদারকি ও চেম্বারের বাজার পরিদর্শন অব্যাহত

প্রকাশিত May 27, 2018
সিলেটে জেলা প্রশাসনের বাজার তদারকি ও চেম্বারের বাজার পরিদর্শন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান উপলক্ষে পণ্যের মান ও মূল্য যাচাইয়ে সিলেট জেলা প্রশাসনের বাজার তদারকি অব্যাহত রয়েছে।
সপ্তাহের প্রথম দিন রবিবার দুপুরে বাজার তদারকি করা হয় মহানগরীর শাহজালাল উপশহর ও শিবগঞ্জ এলাকায়। এ সময় ক্রেতাদের নিকট থেকে অতিরিক্ত মূল্য আদায়, পঁচা মাছ বিক্রি ও মূল্য তালিকা না থাকা সহ নানা অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়ার নেতৃত্বে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় বিএসটিআই, সংশ্লিষ্ট বাজার কমিটির কর্মকর্তা এবং পুলিশ প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বাজার পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের নেতৃবৃন্দ রবিবার সকালে মহানগরীর কাজিরবাজার ও রিকাবীবাজারে বাজারের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এসময় সিলেট চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদ জানান, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা ও ভোক্তা সাধারণকে ন্যায্যমূল্যে মানসম্পন্ন পণ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বাজার পরিদর্শন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ফয়েজ উল্যাহ, বিএসটিআইর সহকারী পরিচালক প্রকৌশলী রকিবুল হাসান রিপন, সিলেট চেম্বারের জ্যেষ্ঠ সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ সভাপতি এমদাদ হোসেন ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল সহ অন্যরা।