সিলেটে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সহায়ক কর্মচারীদের প্রশিক্ষণ শুরু

প্রকাশিত June 7, 2022
সিলেটে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সহায়ক কর্মচারীদের প্রশিক্ষণ শুরু

সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী বলেছেন, ‌‘বিচার প্রার্থীদের সেবার মাধ্যমে প্রমাণ করবো, আমরা ভালো কাজ করতে পারি। এজন্য আমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে। আর দক্ষতা অর্জন করতে প্রশিক্ষণের বিকল্প নেই। আপনার যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকুন। কি নেই তার কোন শেষও নেই। তাই যা আছে তা নিয়ে ভালো থাকুন, ভালো সেবা দিন।’
তিনি আরও বলেছেন, ‘আমাদের জ্ঞানের জায়গা নিয়ে পার্থক্য কম। কাজের জন্য ও সেবার জন্য দক্ষতা অর্জন করে সেবা নিশ্চিত করতে হবে। বিচার প্রার্থীদের সেবা দিতে হলে আমাদেরকে অফিসে ভালো মন নিয়ে কাজ করতে হবে। পরিবারের অনাকাঙ্খিত কোন সমস্যার প্রভাব যেন অফিসে না পড়ে, সেদিকে শুধু খেয়াল নয় পরিবারের সদস্য ও সন্তানদের সঙ্গে ভালো আচরণ করবেন। অদক্ষতার জন্য অফিস থেকে মন খারাপ করে বাসায় ফিরলে সেখানেও সাধারণ জীবনযাপনে সমস্যা হবে। সেবাই আমাদের কাজ। বিচার প্রার্থীদের স্বল্প সময়ে আন্তরিকভাবে সেবা দিতে হলে প্রশিক্ষণ গ্রহণ করে তা বাস্তবায়ন করতে হবে ‘
মঙ্গলবার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি সিলেট আয়োজিত সহায়ক কর্মচারীদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সিলেটের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদের সভাপতিত্বে ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলির সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর দায়রা জজ মো আব্দুর রহিম।
স্বাগত বক্তব্য রাখেন, প্রশিক্ষণ কর্মশালার পরিচালক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন বেগম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যুৎ কোর্টের ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) মো আনোয়ারুল হক, প্রথম আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী, প্রথম আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো আবদুল ওয়াহাব, দ্বিতীয় আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দিলরুবা ইয়াছমিন, তৃতীয় আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো আলমগীর হোসেন, চতুর্থ আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলি ও পঞ্চম আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসমা জাহান।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশাসনিক কর্মকর্তা মো ফারুক আহমদ সহ সকল কর্মচারী উপস্থিত ছিলেন।-সংবাদ বিজ্ঞপ্তি