সিলেটে ইউনিলিভারের ছিনতাই হওয়া ৭০ লাখ টাকা উদ্ধার আটক ২

প্রকাশিত November 13, 2016
সিলেটে ইউনিলিভারের ছিনতাই হওয়া ৭০ লাখ টাকা উদ্ধার আটক ২

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে ছিনতাই হওয়া বহুজাতিক কোম্পানির ৭০ লাখ টাকা পুলিশ উদ্ধার করেছে। আটক করা হয়েছে অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে। সেই সাথে ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি অটোরিকসাটিও উদ্ধার করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় মহানগরীর বালুচর এলাকা থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দুপুরে মহানগরীর কাজিটুলা এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
ইউনিলিভারের পরিবেশক ইমতিয়াজ রহমান তারেক জানান, তাদের আম্বরখানা বড়বাজারের ডিপো থেকে দুইজন হিসাব রক্ষক একটি প্রাইভেটকার যোগে নগদ ৭০ লাখ টাকা নিয়ে এক্সিম ব্যাংক জিন্দাবাজার শাখায় যাচ্ছিলেন।
পথিমধ্যে উত্তর কাজিটুলার কাহির মিয়ার গলিতে আসার পর ৪টি মোটর সাইকেল ও একটি সিএনজি অটোরিকসা যোগে একদল ছিনতাইকারী গাড়িটির গতিরোধ করে তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি ও গাড়িটি ভাংচুর করে ৭০ লাখ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।