সিলেট জেলা বিএনপির সভাপতি, সিলেট সিটি কর্পোরেশন-সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের অবদান অনস্বীকার্য। তিনি বাংলাদেশের অর্থনীতির শক্ত ভিত তৈরি করে গেছেন।
এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শনিবার (৫ সেপ্টেম্বর/২১ ভাদ্র) বাদ মাগরিব হযরত শাহজালাল (র) দরগা মসজিদ প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিল পূর্ব আলোচনায় তিনি এ কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “দেশ ও মাটির প্রতি তার ভালোবাসা এবং দূরদর্শী নেতৃত্ব আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। আজকের আধুনিক সিলেটের দৃষ্টিনন্দন উন্নয়ন, রাস্তাঘাট, সেতু ও শিক্ষাপ্রতিষ্ঠান সহ সিলেট বিভাগের ৪ জেলায় অজস্র অবকাঠামো নির্মাণ হয়েছে এম সাইফুর রহমানের হাত ধরে। সিলেটের সাধারণ মানুষ তাকে হৃদয়ে ধারণ করে রেখেছে। আজও যেকোনো উন্নয়নের কথা উঠলে মানুষ শ্রদ্ধার সঙ্গে তার নাম স্মরণ করে।”
তিনি আরও উল্লেখ করেন, এম সাইফুর রহমান জাতীয় সংসদে রেকর্ড ১২ বার বাজেট পেশ করেছেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারে তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ভাষা আন্দোলনে অনন্য অবদানের জন্য ২০০৫ সালে তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত করা হয়।
সংক্ষিপ্ত আলোচনা শেষে এম সাইফুর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি নাজিম উদ্দীন লস্কর, উপদেষ্টা আহমেদুর রহমান চৌধুরী মিলু, অধ্যক্ষ জিল্লুর রহমান সোয়েব, কামরুল হাসান শাহিন ও সালেক চৌধুরী, যুগ্মসম্পাদক কোহিনূর আহমেদ ও শাকিল মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আল আসলাম মুমিন, প্রচার সম্পাদক লোকমান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সহ প্রচার সম্পাদক শাহিন আলম জয়, সহ ধর্ম বিষয়ক সম্পাদক আহমেদ সোলেমান, আতাউর রহমান কাচা, শওকত মিয়া, সেলিম আহমদ, সাহেদ আহমদ, মিজানুর রহমান বেলাল, মোস্তাক আহমদ, মাহবুব হাসান, জাহেদূর রহমান, মুক্তার আহমদ, জুনেদ আহমদ, আব্দুল মজিদ, রাজু আহমেদ, রাসেল আহমেদ, নাছিম আহমেদ, ফয়সাল আহমদ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী। সংবাদ বিজ্ঞপ্তি