ক্রীড়া প্রতিবেদক : পাঁচটি একদিনের ম্যাচে প্রথমটিতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৭৯ রানে অলআউট করে ১৪৫ রানের বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই পরাজয়ের প্রতিশোধ নিলো আফগানরা তৃতীয় ম্যাচে বাংলাদেশ দলকে সহজেই উড়িয়ে দিয়ে। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার মাঠে তৃতীয় ম্যাচে সাঈফ হাসানদের মাত্র ৭৫ রানে অলআউট করে দিয়ে পাঁচ উইকেটে জয় তুলে নিয়েছে সফরকারীরা।
টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দুজন ছাড়া কেউই দুই অঙ্কের কোটা পেরোতে পারেননি। ছোট টাইগারদের তিন ব্যাটসম্যানই শূন্য রানে ফিরেছেন। তিনজন ফিরেছেন এক রান করে। সর্বোচ্চ ২৫ রান আসে উইকেটরক্ষক-ব্যাটসম্যান মাহিদুল ইসলামের হাত ধরে। অধিনায়ক সাঈফ করেন ২২ রান। এছাড়া পিনাক ঘোষ ৬, তাওহীদুল হৃদয় ৫ ও রবিউল হক করেছেন ৪ রান।
৩০.৪ বলে ৭৫ রানে অলআউট হয় বাংলাদেশ। আফগান নাবিনুল হক ৩টি, তারিক স্ট্যানিকজাই, মুজিব ও আজমত উল্লাহ শিকার করেন দুটি করে উইকেট।
জবাবে ১৭.২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৮১ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। ৩৬ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন আব্দুল রসুল। নাসিরুল হকের ব্যাট থেকে আসে ১৫ রান। টাইগার যুবাদের নাঈম ২টি এবং অনীক, মনিরুল ও আফিফ একটি করে উইকেট দখল করেন।
বুধবার সিরিজের পরবর্তী ম্যাচে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন সাঈফ হাসানরা।