নিজস্ব প্রতিবেদক : ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে দেশজুড়ে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় উন্নয়ন মেলা শনিবার শেষ হয়েছে।
সিলেটে জেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন মেলার আয়োজন করা হয় সরকারি আলিয়া মাদরাসা মাঠে। সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় সমাপনী পর্ব। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পীগণ ছাড়াও ব্যান্ডদল অংশ নেয়।
সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার মিজবাহ উদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক নুমেরী জামান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান ও পুলিশ সুপার মনিরুজ্জামান।
অনুষ্ঠানে পুরস্কারও বিতরণ করা হয়। প্রথম পুরস্কার পেয়েছে সদর উপজেলা ভূমি দফতর। দ্বিতীয় হয়েছে সেনা বাহিনী। আর তৃতীয় পুরস্কার লাভ করেছে যৌথভাবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সড়ক ও জনপথ অধিদফতর এবং সিলেট পল্লী বিদ্যুৎ।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সব বয়সের অগণিত মানুষ উন্নয়ন মেলায় ভিড় জমান এবং দেশের উন্নয়ন বিষয়ে অবহিত হন।