লাখাইয়ে হাওর থেকে এক হাঁসের খামার মালিকের মরদেহ উদ্ধার

প্রকাশিত August 14, 2018
লাখাইয়ে হাওর থেকে এক হাঁসের খামার মালিকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে এক হাঁসের খামার মালিক খুন হয়েছেন। মঙ্গলবার উপজেলার খালিউড়ি হাওর থেকে পুলিশ কাদির মিয়া নামের এই খামারির মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, উপজেলার হুসেনপুর গ্রামের কাদির মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় হাঁসের খামার করে জীবিকা নির্বাহ করছিলেন। সম্প্রতি এ নিয়ে তার সাথে বিরোধ দেখা দেয় একই গ্রামের সফিক মিয়া ও ফরিদ মিয়ার। সোমবার রাতে গ্রামের পাশে খালিউড়ি হাওরে নিজের খামারে প্রতিদিনের ন্যায় ঘুমিয়েছিলেন তিনি। কিছু দূরে নিজের খামারে ঘুমান তার ভাই সফু মিয়া। গভীর রাতে ২০/২৫ জনের একটি দল সেখানে হানা দিয়ে প্রথমে সফু মিয়া ও নাদির হোসেন নামের একজনকে বেঁধে মারপিট করে। পরে তারা কাদির মিয়ার খামারে গিয়ে তাকে কোপাতে থাকে। গুরুতর আহত অবস্থায় তিনি ভাইয়ের খামারের কাছে ছুটে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন জানান, ধারণা করা হচ্ছে, হাঁসের খামার নিয়ে বিরোধের এর জের ধরেই হত্যাকাণ্ডটি ঘটেছে। এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।