নিজস্ব প্রতিবেদক : সিলেটে যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। এক মাস কঠোর সিয়াম সাধনার পর মুসমানদের প্রধান এ ধর্মীয় উৎসব ঘরে ঘরে আর প্রাণে প্রাণে ছড়িয়ে দেয় আনন্দবার্তা। এ খুশির দিনে সকল ভেদাভেদ ভুলে ঐকবদ্ধ হয়ে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, অনিয়ম, সন্ত্রাস ও দুর্নীতি সহ সকল অপকর্ম নির্মূল করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে আল্লাহতালায় রহমত কামনা করা হয়।
সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগায় শনিবার সকাল সাড়ে ৮টায়। এতে অংশ নেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান সহ লাখো মুসল্লী। ইমামতি করেন, বন্দর বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কামাল উদ্দিন।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
এছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেট সহ সারা দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানান।
এ সময় তিনি উল্লেখ করেন, সিলেট বিভাগের বন্যা কবলিত এলাকাগুলোতে সরকার আন্তরিকভাবে সহায়তা দিচ্ছে।
হযরত শাহজালাল (র) মাজার ঈদগা, হযরত শাহপরান (র) মাজার ঈদগা এবং হযরত গাজী বোরহান উদ্দিন (র) মাজার ঈদগা সহ বিভিন্ন ঈদগায়ও ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে কেন্দ্রীয় ঈদগায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত শনিবার সকাল ৮টায় অনুষ্ঠিত হয়ছ।
এতে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সংসদ্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ ও জেলা প্রশাসক সাবিরুল ইসলাম সহ সর্বস্তরের মুসল্লি নামাজ আদায় করেন।
এছাড়াও শহরে ১৭টি ঈদগায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিমের সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং মিয়ানমারের রোহিঙ্গাদের হেফাজত কামনা করে মোনাজাত করা হয়।
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র) টাউন ঈদগা মাঠে পবিত্র ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার পৌরসভার তত্ত্বাবধানে শনিবার সকাল ৭টায় অনুষ্ঠিত হয় প্রথম জামাত। এতে ইমামতি করেন, জেলা জামে মসজিদের ইমাম ও টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি শামসুল ইসলাম। সকাল ৮টায় অনুষ্ঠিত দ্বিতীয় জামাতে ইমামতি করেন, পশ্চিমবাজার জামে মসজিদের খতিব মাওলানা মুহিবুর রহমান। সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। এতে ইমামতি করেন, সুলতানপুর জামে মসজিদের ইমাম মুফতি শামসুজ্জোহা।
প্রথম জামাতে জেলা প্রশাসক তোফায়েল ইসলাম ও পৌর মেয়র ফজলুর রহমান সহ রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা সহ কয়েক হাজার মানুষ ঈদের নামাজ আদায় করেন। পরে দেশ ও জাতির সুখ-শান্তি কামনায় মোনাজাত করা হয়।