মৌলভীবাজারে বনকর্মীদের উপর হামলা : ৪ রাউন্ড গুলি আহত ৬ আটক ২

প্রকাশিত July 29, 2017
মৌলভীবাজারে বনকর্মীদের উপর হামলা : ৪ রাউন্ড গুলি আহত ৬ আটক ২

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার গোমরা এলাকায় সামাজিক বনায়নের উপকারভোগী বাছাই সভায় বনকর্মীদের সাথে জবর দখলকারীদের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।
এসময় আত্মরক্ষার জন্যে বনকর্মীরা ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েন।
বনবিভাগ জানায়, শনিবার বিকেলে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের গোমরা এলাকায় সহকারী বন সংরক্ষক তবিবুর রহমানের সভাপতিত্বে সামাজিক বনায়নের উপকারভোগী বাছাই সভা চলছিলো। এক পর্যায়ে স্থানীয় জবর দখলকারীরা আশিক মিয়ার নেতৃত্বে বনকর্মীদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহতদের মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ আশিক মিয়ার ছেলে রুমেল মিয়া ও রুমান মিয়াকে আটক করেছে।