হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে দুই শিশুসন্তান সহ মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে সন্তানদের দেহ থেকে মাথা ছিল বিচ্ছিন্ন আর মায়ের ছিল গলায় ফাঁস। এলাকাবাসীর ধারণা, সন্তানদের হত্যার পর আত্মহত্যা করেছেন মা; কিন্তু মায়ের স্বজনদের দাবি পরিকল্পিতভাবে তিন জনকে হত্যা করা হয়েছে।
শুক্রবার মধ্যরাতে মাধবপুর থানা পুলিশ ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামে নিজ বাড়ি থেকে ব্যবসায়ী মজিবুর রহমান মজিদের স্ত্রী হাদিছা বেগম (২৪), আড়াই বছরের মেয়ে মীম আক্তার ও ৭ মাসের ছেলে মোজাহিদ মিয়ার মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, রাত ৯টার দিকে কোন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরের দিকে এগিয়ে যান। এ সময় দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেন; কিন্তু এতেও কোন সাড়া না পাওয়ায় তারা উঁকিঝুঁকি মেরে ঘরের ভিতর মরদেহগুলো পড়ে থাকতে দেখেন।
প্রতিবেশীরা সাথে সাথে মাধবপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।