মাধবপুরে কৃষিজমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে

প্রকাশিত February 1, 2022
মাধবপুরে কৃষিজমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বিএনপির এ নেতা কৃষিজমি থেকে মাটি উত্তোলন করে অবাধে বিক্রি করায় রাস্তা ও সেতু হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এখানেই শেষ নয়, আরও অভিযোগ, জমির উপর দিয়ে মাটিবাহী গাড়ি নিতে বাধা দেওয়ায় এই বক্তি হিন্দু সম্প্রদায়ের দুটি পরিবারকে হুমকিও দিচ্ছেন।
উপজেলার চৌমোহনী ইউনিয়নের বরুড়া গ্রামের পরিমল দেব নাথ ও দিলিপ দেব নাথ উপজেলা নির্বাহী কর্মকতার কাছে রবিবার লিখিতভাবে এই অভিযোগ করেছেন।
এই দু’জনের অভিযোগ, তাদের গ্রামের আমির হোসেনের ছেলে বিএনপির নেতা শমসু মিয়া পরিমল দেব নাথ ও সুভাষ দেব নাথের জমির উপর দিয়ে জোরপূর্বক মাটির গাড়ি নিয়ে যান। এতে তাদের জমির ও গাছপালার ক্ষতি হচ্ছে। এ কাজে হিন্দু সম্প্রদায়ের লোকজন বাধা দিলেও শমসু মিয়া তাদের বাধা উপেক্ষা করে মাটির গাড়ি নিতে থাকেন। এসব পরিবারকে বেশি বাড়াবাড়ি করলে দেশ ছাড়া করারও হুমকি দেন।
শমসু মিয়ার ‘অবৈধ’ মাটির ব্যবসার ফলে বরুড়া এলাকার সরকারি রাস্তা ও সেতুর ব্যাপক ক্ষতি হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
অভিযোগ পাওয়ার পরপরই উপজেলা ভূমি অফিসের লোকজন এলাকায় গিয়ে শমসু মিয়াকে বাধা দিলে শমসু মিয়া ও তার লোকজন আরও ক্ষেপে গেছে। প্রকাশ্যে হুমকি দিচ্ছে, পরিমল দেব নাথ ও দিলিপ দেব নাথের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করে শিক্ষা দেবে।
এ ব্যাপারে শমসু মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে জানান, তিনি মাটির ব্যবসা করেন; কিন্ত যারা অভিযোগ করেছেন তাদের জমি ও গাছপালা তিনি নষ্ট করেননি।
সরকারি রাস্তা ও সেতুর ক্ষতি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সরকার রাস্তা করেছে জনগণের জন্য। গাড়ি চলাচল করলে তো কিছু ক্ষতি হবেই। সেতু একটু জায়গা ভেঙ্গে গেছে, তিনি সেটা ঠিক করে দেবেন।