হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে আম ভাগাভাগিকে কেন্দ্র করে মামাতো ভাইয়ের হাতে ৮ বছরের মীম আক্তার খুন হয়েছে ।
উপজেলার দক্ষিণ ছাতিয়াইন গ্রামে এ ঘটনা ঘটে। মীম আক্তার গ্রামের লাল খার মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়তো। পুলিশ সোমবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে মর্গে পাঠায়। বিকেলে তার দাফন সম্পন্ন হয়।
সহকারী পুলিশ সুপার এএসএম রাজু আহমেদ জানান, রবিবার বিকেলে গ্রামের লাল খার আম গাছ থেকে আম পেড়ে সবাইকে ভাগ করে দেয়া হয়; কিন্তু একজনের আম না পাওয়াকে কেন্দ্র করে লাল মিয়া ও তার শ্যালক মাসুক মিয়ার মাঝে ঝগড়া বাধে। একপর্যায়ে ঘটে হাতাহাতির ঘটনা। এতে মাসুক মিয়া গুরুতর আহত হন।
এর জের ধরে গভীর রাতে লাল খার বাড়িতে হামলা চালায় মাসুক মিয়ার ছেলে রাশেদ সহ কয়েক ব্যক্তি। এসময় শিশু মীম আক্তারের পেটে ধারালো অস্ত্রের আঘাত লাগলে ঘটনাস্থলেই সে মারা যায়।