মহানগরীতে দুর্ঘটনা কবলিত অর্থমন্ত্রীর ব্যক্তিগত গাড়ির ধাক্কায় আহত ১০

প্রকাশিত January 19, 2018
মহানগরীতে দুর্ঘটনা কবলিত অর্থমন্ত্রীর ব্যক্তিগত গাড়ির ধাক্কায় আহত ১০

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত গাড়ির ধাক্কায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তবে এ সময় তিনি গাড়িতে ছিলেন না।
অর্থমন্ত্রী শুক্রবার সোনারপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষ হবার পর তার ব্যক্তিগত গাড়ির চালক গাড়িটি চালু করা মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়ির ধাক্কায় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এস এম নুনু মিয়া, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত সহকারী কবিরুল ইসলাম এবং আরো ৮ জন আহত হন।
আহতদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিকেল ৩টার দিকে তাদেরকে দেখতে যান। তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
এসময় আহতদের প্রত্যেককে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ হাজার টাকা করে দেয়া হয়।