সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরা বলেছেন, বর্তমান ডিজিটাল যুগে শিক্ষার্থীদেরকে বিজ্ঞান বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে লেখাপড়ার মাধ্যমে স্বপ্ন দেখে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেছেন, আজকের শিক্ষার্থীরা আগামীর কর্ণধার। তাই পরীক্ষা সহ সকল ক্ষেত্রে হার না মানার মনোবল নিয়ে লক্ষ্য পূরণে এগিয়ে যেতে হবে।
বুধবার সকালে দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের তুরুকখলায় মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজ আয়োজিত বিনামূল্যে ব্লাড গ্রুপিং, হেপাটাইটিস বি রুটিন পরীক্ষা ও বিজ্ঞান বিষয়ক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
মনির আহমদ একাডেমি প্রাইভেট ক্যাডেট কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, চাইল্ড হেলথ রিসার্স ফাউন্ডেশন ঢাকার পরিচালক অনুজীব বিজ্ঞানী ড সেজুতি সাহা।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল উজ্জ্বল কুমার সাহার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রান্টু রায়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গভর্নিং বডির সদস্য ডা জামিলুর রহমান ও এটিএম মাসুদ চৌধুরী, চাইল্ড হেলথ রিসার্স ফাউন্ডেশন ঢাকার রিসার্স ইনভেস্টিগেটর ডা সিরাজাম মুনিরা, অফিস এক্সিকিউটিভ মুনিমুল হাসান খান, সিনিয়র ফাইন্যান্স ম্যানেজার গৌতম কুমার সাহা, মাইক্রোবায়োলজিস্ট নাজিফা তাবাসসুম ও এসিস্ট্যান্ট রিসার্স ম্যানেজার সাকিউল কবির।
অনুষ্ঠানে অনুজীব বিজ্ঞানী ড সেজুতি সাহা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিজ্ঞানী হতে হলে সবাইকে বেশি বেশি করে লেখাপড়া করতে হবে। বিজ্ঞান বিষয়ভিত্তিক গবেষণা ও লেখাপড়া করে অনেক কিছু জানতে হবে।
তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।-সংবাদ বিজ্ঞপ্তি